অল ক্রাইমস. টিভি ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট তারিকুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লার নগরবাসীর প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারিকুল ইসলামের ছবি শেয়ার করে তিনি বন্ধুকে নিয়ে স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছে আমার প্রিয় বন্ধু, আমার সংগ্রামের সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক মেধাবী ছাত্র অ্যাডভোকেট তারিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই তারিকুলের সঙ্গে আমার পথচলা। সেই শুরু থেকেই দেখেছি, একটা মানুষের ভেতরে কতটা সাহস, কতটা দায়বদ্ধতা আর কতটা ভালোবাসা থাকলে সে অন্যায়ের বিরুদ্ধে এতটা দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। আমরা একসঙ্গে কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আর সেই আন্দোলনের জন্য তারিকুল ৪৮ দিন কারাগারে কাটিয়েছে। কিন্তু সেই অন্ধকার তার মনোবলকে ভাঙতে পারেনি বরং আরও শক্ত করেছে।
মোদি বিরোধী আন্দোলন হোক কিংবা ফ্যাসিবাদবিরোধী লড়াই, তারিকুল সবসময় নেতৃত্ব দিয়েছেন। বিগত ৯ বছরে সে শুধু রাজনীতি করেনি, মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে। বারবার নির্যাতনের শিকার হয়েও সে পিছিয়ে যায়নি। কুমিল্লার গর্বিত সন্তান আমার বন্ধু তারিকুলকে আমি খুব কাছ থেকে দেখেছি—তার ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা আমাকে আশ্বস্ত করে যে সে পারবে। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস ও দূরদর্শিতা কুমিল্লার নগরবাসীর জীবনমান বদলাতে পারে—এটি আমার বিশ্বাস।
দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, আমার বন্ধু ও কমরেড তারিকুল শুধু একজন প্রার্থী নয়, এটি একটি পরিবর্তনের প্রতিশ্রুতি। কুমিল্লার নাগরিকদের প্রতি আহ্বান, তার পাশে দাঁড়ান, তাকে সমর্থন দিন, এই পথচলায় তার হাতকে শক্ত করুন। বন্ধু তারিকুলের জন্য রইল আমার হৃদয়ের গভীর থেকে দোয়া ও শুভকামনা। ইনশাআল্লাহ, সংগ্রামের এই পথ বিজয়ের দিকে এগোবে।”
হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে কমেন্ট ও শেয়ারিংয়ের মাধ্যমে সমর্থন সংগ্রহ করছে।



