অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে চলমান হাম প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও প্রয়োজন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে আদালতের কাছে দাবি জানানো হয়েছে, বিবাদীদের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে হবে। প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত থাকতে হবে—মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা, এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত বিবরণ।
রিটে আদালতের কাছে আরও দাবি করা হয়েছে, সময়মতো পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণ নির্ধারণ, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ খতিয়ে দেখার জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা দেওয়া হোক। একই সঙ্গে, আদালত যেন অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, পর্যাপ্ত টিকা ও সিরিঞ্জ সরবরাহ নিশ্চিত এবং লজিস্টিক ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেন।
রিটে বলা হয়েছে, চলমান প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখা এবং সংস্পর্শ নিয়ন্ত্রণ ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলা এবং শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার সমতুল্য। আদালতের হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



