অল ক্রাইমস. টিভি ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারা জানিয়েছে, আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির তথ্য জানা যায়।
এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণভোটের রায় নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এ বিষয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদের আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতাকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করেন।
বিরোধী দল অভিযোগ করে, তাদের বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকার একতরফা অবস্থান নিচ্ছে। এসব কারণেই তারা প্রতিবাদ হিসেবে সংসদ থেকে বেরিয়ে এসে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।



