অল ক্রাইমস. টিভি ডেস্ক
চাঁদের উদ্দেশে যাত্রা করা আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি পাঠিয়েছেন। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই ছবি তুলেছেন বলে জানিয়েছে নাসা।
মিশনের শেষ ধাপে মহাকাশযানের ইঞ্জিন সফলভাবে জ্বালানোর পর ছবিগুলো তোলা হয়। প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। এতে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগর, সূর্যের আলোয় বায়ুমণ্ডলের উজ্জ্বল রেখা এবং পৃথিবীর দুই মেরুতে সবুজ মেরুজ্যোতি। ছবিতে পশ্চিম সাহারা মরুভূমি, আইবেরীয় উপদ্বীপ ও দক্ষিণ আমেরিকার পূর্বাংশ দেখা যাচ্ছে। ছবির নিচে উজ্জ্বল একটি গ্রহ শনাক্ত করা হয়েছে, যা শুক্র গ্রহ।
অভিযানের চার নভোচারী বর্তমানে পৃথিবী থেকে দুই লাখ মাইল দূরে চাঁদের পথে রয়েছেন। আর্টেমিস-২ মিশনটি একটি লুপ আকৃতির পথে চাঁদের অপর প্রান্তে ঘুরে আবার পৃথিবীতে ফিরবে। ১৯৭২ সালের পর এটি প্রথমবারের মতো মানুষকে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে এত দূরে পাঠাচ্ছে। সব ঠিক থাকলে ৬ এপ্রিল নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ অতিক্রম করবেন এবং ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।
মহাকাশ থেকে তোলা অন্যান্য ছবিতে দেখা গেছে পৃথিবীর দিন ও রাতের স্পষ্ট বিভাজন, এবং রাতের অন্ধকারে মানুষের জ্বালানো আলোও ফুটে উঠেছে। নাসা এই ছবিগুলো ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের ছবির সঙ্গে তুলনা করেছে। সংস্থার বার্তায় বলা হয়েছে, যদিও আমরা অনেক দূর এগিয়েছি, মহাকাশ থেকে পৃথিবী এখনো অপূর্ব দেখায়।



