অল ক্রাইমস.টিভি ডেস্ক
পরীক্ষায় নকল বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, “নকল আর অনিয়ম আমরা বন্ধ করেই ছাড়ব।”
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে এবার নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ব্যক্তিগত চিঠিপত্রও নিতে পারবে না।
তিনি বলেন, “২০০১ সালে কুমিল্লা থেকেই নকলবিরোধী অভিযান শুরু হয়েছিল। এবার আবারও কঠোরভাবে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।” অতীতে নকল প্রতিরোধে শিক্ষকরা যেমন সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে তিনি একটি ‘পবিত্র জায়গা’ হিসেবে দেখেন এবং এখানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে পাঠদান করলে এটি ‘সদকায়ে জারিয়া’ হিসেবে বিবেচিত হবে।
তবে তিনি জানান, ২০২৬ সালের পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার শূন্য থাকবে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অন্যান্য কর্মকর্তারা।



