অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর একটি সিনেপ্লেক্সে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল সিনেমা ‘প্রিন্স’-এর বিশেষ প্রদর্শনী। সেই আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন ‘প্রিন্স’ সিনেমার দুই নায়িকা—কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেই সময় শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন—এমন একটি দৃশ্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই বিষয়টিকে ‘অস্বস্তিকর’ বা ‘ব্যাড টাচ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন।

তবে এ নিয়ে প্রথমবারের মতো সরাসরি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি অভিযোগগুলো সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে বলেছেন, ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
অভিনেত্রী জানান, “পুরো বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেদিন সেখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ঠিকভাবে দাঁড়ানোর জায়গাও পাচ্ছিলাম না। সেই সময় মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। তখন তিনি আমাদের গার্ড করেছিলেন।”

তিনি আরও বলেন, “ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, যা সত্যিই হতাশাজনক।”
বিতর্ক প্রসঙ্গে জ্যোতির্ময়ী প্রশ্ন তোলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইত, তাহলে কি সে শত শত ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে।”

নায়কের আচরণে তিনি কোনো ধরনের অস্বস্তি বোধ করেছিলেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে সুরক্ষা দেওয়া স্বাভাবিক বিষয়।”
‘ব্যাড টাচ’ প্রসঙ্গে তিনি আরও দৃঢ়ভাবে বলেন, “শত শত ক্যামেরার সামনে কেউ আমাকে খারাপভাবে স্পর্শ করবে আর আমি তা মেনে নেব—এটা কখনোই সম্ভব নয়। বিষয়টি যারা বিকৃতভাবে ছড়াচ্ছে, সুস্থভাবে চিন্তা করলে যে কেউ বুঝতে পারবে আসলে কী ঘটেছিল।”

জ্যোতির্ময়ী আরও যোগ করেন, “আমি কি শিশু? যদি এমন কিছু হতো, আমি অবশ্যই প্রতিবাদ করতাম।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো। কিন্তু খারাপ লাগে, যখন একটি স্বাভাবিক ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। ‘প্রিন্স’ সিনেমায় তিনি আমাকে যেভাবে সহায়তা করেছেন, তা ভোলার নয়। এখন তাকে ঘিরে একটি সাধারণ বিষয়কে অযথা বড় করে দেখানো হচ্ছে, যা সত্য নয়—এটাই সবচেয়ে দুঃখজনক।”



