অল ক্রাইমস.টিভি ডেস্ক
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করার লক্ষ্যেই সরকার নতুন করে অঙ্গীকার গ্রহণ করেছে। একইসঙ্গে লক্ষ্মীপুর জেলাকেও একটি স্বনির্ভর অঞ্চলে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মার্চ-এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি, খাল খনন, নদী-নালা সংস্কার এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার অনেক অসমাপ্ত কাজ এখনো রয়ে গেছে। বেগম খালেদা জিয়াও সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছেন। আমরা বিশ্বাস করি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।”
তিনি আরও বলেন, “দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে একটি স্বনির্ভর জেলায় রূপান্তর করা আমাদের নির্বাচনী অঙ্গীকার। সে লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।”
নদীতে মাছ ধরার নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকার আগের তুলনায় খাদ্য সহায়তার পরিমাণ অনেক বৃদ্ধি করেছে। এটি জেলেদের প্রতি সরকারের আন্তরিকতা ও সম্মানের প্রতিফলন। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।”
লক্ষ্মীপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, জেলার মজুচৌধুরীর হাট এলাকায় খাস জমিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে জরিপ কাজ শুরু হয়েছে। সেখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, “ভবানীগঞ্জ-মতিরহাট সড়ক নির্মাণ করা গেলে লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এটি বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার সঙ্গে সংযোগ স্থাপন করে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।”
লক্ষ্মীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবসময় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অতীতে আমরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছি। এখন জনগণের সরকার ক্ষমতায় এসেছে, তাই আমরা চাই আর যেন এ অঞ্চলের মানুষ বঞ্চিত না হয়।”
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



