অল ক্রাইমস.টিভি ডেস্ক
সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়।
একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন। কমিটির সদস্যপদে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রী এবং শিল্প ও আইনমন্ত্রী।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও আহ্বায়ক হিসেবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী এ কমিটির সদস্য।
বিশ্লেষকরা বলছেন, এই কমিটি গঠন সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



