অল ক্রাইমস. টিভি ডেস্ক
চলমান সংঘাত নিরসনে কেবল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি চায় না, বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি সমন্বিত ও স্থায়ী শান্তি চুক্তি চাইছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নীতিনির্ধারকরা মনে করছেন, বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাবটি কেবল ইসরায়েল ও আমেরিকার জন্য শক্তি পুনরায় সঞ্চয় এবং পরবর্তী ধ্বংসাত্মক হামলার প্রস্তুতির একটি কৌশল মাত্র।
ইরান এমন একটি শান্তি চুক্তির ওপর জোর দিচ্ছে, যা শুধুমাত্র তাদের জন্য নয়, বরং লেবানন, ইয়েমেন ও ইরাককে অন্তর্ভুক্ত করবে। তাদের প্রধান শর্ত হলো—ভবিষ্যতে ইরানের ওপর কোনো যুদ্ধ চাপানো হবে না, এমন স্থায়ী নিশ্চয়তা থাকতে হবে। ইরান মনে করছে, পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞের কারণে ইরানকে চড়া মূল্য দিতে হয়েছে। এই ক্ষতি পূরণের জন্য তারা একটি নতুন প্রস্তাব দিয়েছে। ইরান চায়, ভবিষ্যতে হরমুজ প্রণালিতে একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা চালু করতে, যার আওতায় গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্যাক্স বা কর আরোপ করা হবে। এভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সংগ্রহ করা যাবে।
ইরানি বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি মূল সমস্যার সমাধান করবে না। বরং এটি ইসরায়েল ও আমেরিকাকে মহড়া প্রদানের সুযোগ দেবে এবং পরবর্তী হামলার প্রস্তুতির সময় দেবে। তাই ইরান যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পক্ষে অনড় অবস্থান গ্রহণ করেছে।



