অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শামীম (৪০)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, শামীম বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন তাকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পুলিশের তদন্তে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে নিহতের সঙ্গে এলাকার ইরান নামের এক ব্যক্তির বিবাদ ছিল, যা হত্যার কারণ হতে পারে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ বলেছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।



