অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. শামীম।
বুধবার (৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তার পায়ের রগ কেটে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে তুলে নিয়ে নির্জন স্থানে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সাগরপাড়ের ভাটেরখীল সড়কের পাশে তার মরদেহ ফেলে রেখে যায়।
খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, নিহত শামীম স্থানীয় একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতার অনুসারী ও আত্মীয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, কিংবা কী কারণে তাকে হত্যা করা হয়েছে—এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



