অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় আদালত পাঁচজনকে সাজা দিয়েছেন।
ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
রায়ে সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম (কোরবান মিয়া) ও খন্দকার ওমর ফারুককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বয়স বিবেচনায় মো. রমজান ও সাদ্দামকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেকের পাঁচ লাখ টাকা জরিমানা এবং সম্পত্তি নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে দিতে হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালের ৬ মে শিশুটিকে পরিকল্পিতভাবে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে মা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মামলার ২০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়েছে। বর্তমানে দুই দণ্ডপ্রাপ্ত কারাগারে থাকলেও বাকিরা পলাতক। তাদের গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে।



