অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের বাজারে সোনালি মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়ে ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগের তুলনায় কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেশি।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, আফতাবনগর এবং মহাখালী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, খুচরা বিক্রেতাদেরও বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। পাইকারি বাজারে দাম প্রতিদিন বাড়ছে, ফলে খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। ঈদের পর থেকেই সোনালি মুরগির দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী লতিফ উদ্দিন বলেন, খামারে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগির দামও আগের দিনের তুলনায় ১৫ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।
ভোক্তারা বলছেন, আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ফার্মগেট থেকে বাজার করতে আসা ক্রেতা রাশেদ হোসেন বলেন, রমজানে যেখানে ৩৪০–৩৫০ টাকায় সোনালি মুরগি কিনেছেন, এখন তা ৪৩০ টাকায় কিনতে হচ্ছে।
শুধু মুরগি নয়, বাজারে মাছের দামও বেড়েছে। বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না।
পাঙ্গাশ মাছ এখন বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা আগে ছিল ২০০ টাকা। রুই মাছ (১ কেজি) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা আগে ছিল ২৮০ টাকা। বড় আকারের রুই মাছের দাম বেড়ে ৪২০ থেকে ৪৫০ টাকায় পৌঁছেছে।
ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় মাছের বাজারেও এই মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।



