অল ক্রাইমস.টিভি ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, খাতা দেখার সময় ব্যক্তিগত আবেগ বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামসহ সংশ্লিষ্ট বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন এবং নকল প্রতিরোধ নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “খাতায় যাই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।” তিনি আরও জানান, পরীক্ষকদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শিক্ষকদের আগে যেমন নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।” পাশাপাশি তিনি পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন তিনি। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন, যাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা যায়।
প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারও নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে।
সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।



