অল ক্রাইমস.টিভি ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন। পাঁচ দিনের চিকিৎসা শেষে মা ও নবজাতকরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।
কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের কাজল মিয়ার স্ত্রী মাসুমা আক্তার (৩০) গত ৫ এপ্রিল প্রসববেদনা নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি তিন ছেলে ও দুই কন্যাসন্তান জন্ম দেন।
চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, পাঁচ নবজাতকের মোট ওজন প্রায় ৮ কেজি, যা এ ধরনের ক্ষেত্রে আশাব্যঞ্জক। সাধারণত এমন প্রসবে শিশুদের ওজন কম ও ঝুঁকি বেশি থাকে, তবে সবাই সুস্থ রয়েছে।
এ বিরল ঘটনায় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নবজাতকদের একনজর দেখতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। তবে পরিবারটি আপাতত গণমাধ্যমে সাক্ষাৎকার না দিয়ে সন্তানদের যত্ন ও গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে।



