অল ক্রাইমস.টিভি ডেস্ক
কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে মালিক মিয়াকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



