অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়—এ ধরনের কথা বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে।”
শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষক বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এই হাটের মাধ্যমে কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন, যা সিন্ডিকেট প্রথা ভাঙতে সহায়ক হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আমদানি নির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তিনি জানান, দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের কার্যক্রম আরও বাড়ানো হবে। বর্তমানে এই কার্যক্রমে সরকার বছরে প্রায় ৩২ থেকে ৩৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়, যা ভবিষ্যতে কমানোর পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে কৃষকরা যেন সপ্তাহে অন্তত একদিন সরাসরি তাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন, সে জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।



