অল ক্রাইমস.টিভি ডেস্ক
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ রাখার বিষয়ে কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “আবার বলবেন না পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে সিসি ক্যামেরা বন্ধ ছিল। তেমনটা হলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’—নিশ্চয়ই কোনো গড়বড় আছে।” তিনি আরও বলেন, পরীক্ষার সব দলিল সংরক্ষণ করতে হবে এবং কোনোভাবেই গাফিলতি বরদাস্ত করা হবে না।
শিক্ষামন্ত্রী জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সিদ্ধান্ত থাকলেও এবার মানবিক বিবেচনায় তা কার্যকর করা হচ্ছে না। তবে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় ‘পোষ্য কোটা’ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ভর্তি হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হতে হবে। কোনো বিশেষ সুবিধা দিয়ে ভর্তি গ্রহণ করা উচিত নয়।
তিনি আরও প্রস্তাব করেন, জেলা পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের জেলা স্কুলে পড়াশোনা বাধ্যতামূলক করা যেতে পারে, যাতে সরকারি স্কুলগুলোর মান উন্নয়নে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি হয়।
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের বিষয়টি নজরদারিতে রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মানবসম্পদ উন্নত না হলে তা দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পরীক্ষা ব্যবস্থায় কোনো ধরনের নকল চক্র বা অনৈতিক কার্যক্রম সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের নজরদারি জোরদার করা হবে।



