অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলে ফেরার সুযোগ এখনো খোলা রয়েছে সাকিব আল হাসানের জন্য—এমন ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে ফিরতে হলে তাকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। তবে সেই সিরিজে তিনি দলে ফিরতে পারেননি। এরপর নিউজিল্যান্ড সিরিজেও তার প্রত্যাবর্তন হয়নি, ফলে জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো এই অলরাউন্ডারের।
২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন সাকিব আল হাসান। এরপর থেকে রাজনৈতিক ও আইনগত জটিলতা এবং একাধিক মামলার কারণে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এ সময়ে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত হতে পারেননি—পাকিস্তান সুপার লিগে ডাক পাননি, আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তার সুযোগ অনেক আগেই শেষ হয়ে যায়।
বর্তমানে তাকে বিভিন্ন নিম্নমানের লিগে এবং মাঝে মাঝে মাইনর লিগে খেলতে দেখা গেছে।
এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, তার সঙ্গে একবার কথা হয়েছে এবং তার বর্তমান প্রস্তুতি ও ফিটনেস পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। তিনি জানান, যেখানে সাকিব খেলছেন সেখানে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ নেই।
তবে দলে ফেরার শর্ত সম্পর্কে হাবিবুল বাশার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে উচ্চমানের প্রস্তুতি অপরিহার্য। তিনি জানান, সাকিব যদি পুরোপুরি প্রস্তুত থাকেন এবং দীর্ঘ সময়ের জন্য খেলতে আগ্রহী হন, তবে নির্বাচকরা তাকে অবশ্যই বিবেচনায় নেবেন।



