অল ক্রাইমস. টিভি ডেস্ক
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসের চালক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ভাড়ায়চালিত মাইক্রোবাসে ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।



