অল ক্রাইমস. টিভি ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকার চায় স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মীরা বিদেশে যেতে পারুক। মালয়েশিয়াকে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে শ্রমিক পাঠানো কবে শুরু হবে, তা এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং যারা অপরাধে জড়িত, তারা আইনের আওতায় শাস্তি পাবে, আর নির্দোষরা সুবিচার পাবে—এটাই সরকারের অবস্থান।
ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। মালয়েশিয়া সব শ্রমপ্রেরণকারী দেশের জন্যই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এজেন্সি নির্বাচন করে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট পরিচালনা করতে পারা প্রতিষ্ঠানগুলোই এখানে যোগ্য হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া লক্ষ্য।
সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বেশি সংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং ব্যয় কমানোই তাদের প্রধান লক্ষ্য।



