অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা কারণে মানুষ উদ্বেগে রয়েছে। এ অবস্থায় কোনো পণ্যের দাম না বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমান বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে মিল মালিকদের সংগঠন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও তা যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আজকের বৈঠকে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে দাম না বাড়িয়ে কীভাবে মুনাফা সমন্বয় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



