অল ক্রাইমস. টিভি ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপযাত্রী নিহত হন। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম সেকেন মোল্লা। এছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নেশারউদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪০) মারা যান।
এ ঘটনায় বাসে থাকা অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী এবং হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক আহত যাত্রীর হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।



