অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন ভিসা সুবিধা চালু হতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করার জন্য পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হুমায়ুন কবির বলেন, “ভালো মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।” তিনি আরও জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের দিল্লি যান। ওই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, ভিসা সুবিধা ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বলে জানানো হয়।



