অল ক্রাইমস. টিভি ডেস্ক
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার বাসভবনে শিল্পীর মরদেহ রাখা হয়, যেখানে পরিবারের সদস্য, সহকর্মী ও অসংখ্য অনুরাগী শেষ শ্রদ্ধা জানান।
সকাল থেকেই তার বাসভবনে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের ভিড় দেখা যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরদেহে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ সময় বলিউড তারকা ও ক্রীড়াজগতের অনেক বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।
জানা যায়, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত নানা জটিলতায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ সংগীত জীবনে হাজারো গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ভারতীয় সংগীত জগতে এক অনন্য নাম। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে এক যুগের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকে।



