অল ক্রাইমস. টিভি ডেস্ক
৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এই সুখবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
তিনি বলেন, আমাদের শিকড় থেকে মস্কো পর্যন্ত—আমার চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে। এটি তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত বলে জানান তিনি।
সিনেমাটিতে বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে। গল্পে ‘প্রিন্সেস’ চরিত্রটি একজন নৃত্যশিল্পী, যিনি দর্শকের চাহিদা অনুযায়ী মঞ্চে নিজেকে উপস্থাপন করেন। এর মাধ্যমে সমাজের পরিবর্তিত বিনোদন সংস্কৃতি ও বাস্তবতার প্রতিফলন দেখানো হয়েছে।
পরিচালক আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমায় ভাবনার পাশাপাশি আরও অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, সালাউদ্দিন শেখ এবং জান্নাতুল বাকের খান।
এই আন্তর্জাতিক স্বীকৃতিতে পুরো টিমের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।



