অল ক্রাইমস.টিভি ডেস্ক
সারাদেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জন শিশুতে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগের দিন, সোমবারও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২ জনের মৃত্যু হামের কারণে নিশ্চিত করা হয়েছে, বাকি ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে।
দেশজুড়ে আক্রান্ত ও মৃত্যুর এই ধারাবাহিকতা জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা ১১ হাজার ৬৫২ জন।



