অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে চীন। দেশটি এই উদ্যোগকে “বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন” বলে উল্লেখ করেছে।
মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনের বরাতে জানা যায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানের বন্দর অবরোধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে। এতে চলমান নাজুক যুদ্ধবিরতি চুক্তিও দুর্বল হয়ে পড়তে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি এখন পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং একটি প্রস্তাবও দিয়েছে, এখন ইরান সেটি গ্রহণ করবে কি না, সেটিই মূল বিষয়।
তিনি জানান, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেবে না—বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণ এবং কার্যকর যাচাই ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে।
এর আগে সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হয়েছে বলে জানা যায়। এর মধ্যেই মার্কিন নৌবাহিনীর অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার ওই প্রণালি অতিক্রম করেছে—যা জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্যে উঠে এসেছে।



