অল ক্রাইমস.টিভি ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি শুধু দেয় না, তা বাস্তবায়নও করে। তার ভাষায়, “ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে দেশ আরও শক্তিশালী হবে এবং এগিয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে খাল খনন উদ্যোগ অন্যতম।
কৃষি খাতের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি, কৃষি বিমা, প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্যসহ বিভিন্ন সুবিধা পাবেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, মাদক, মানবপাচার, অপহরণ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে।
কক্সবাজারের টেকনাফে পাইলট প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক কৃষক কার্ড পাচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন কৃষক এবং ২৩৫ জন কৃষাণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।



