অল ক্রাইমস.টিভি ডেস্ক
সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাত দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ সময়ের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অন্তত ২১৭টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এসব হামলায় আহত হয়েছেন প্রায় ৮১০ জন চিকিৎসাকর্মীও।
সংস্থাটির মতে, সংঘাতের কারণে সুদানে এখন মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ৩৪ মিলিয়ন মানুষ সহায়তার অপেক্ষায় রয়েছে, যার মধ্যে ২১ মিলিয়ন মানুষের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিভিন্ন রোগের বিস্তারে। ম্যালেরিয়া, ডেঙ্গু ও হামসহ সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, পাশাপাশি অপুষ্টির হারও বাড়ছে উদ্বেগজনকভাবে।
বর্তমানে দেশের প্রায় ৩৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ মানুষের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংসের পথে।
বিশেষ করে দারফুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে নাজুক। সম্প্রতি সেখানে একটি হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এ অবস্থায় যুদ্ধ বন্ধ করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



