অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটের দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
পুলিশ জানায়, নিহতের নাম আসাদুল হক। এলাকায় তিনি ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকায়। বাবার নাম জলিল সর্দার। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
জুয়েল রানা জানান, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগের দিকে যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারে। মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও লম্বু আসাদুল হত্যার ঘটনা ঘটল।



