অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক কে এম হানিফ (হানিফ সংকেত)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা নেন।
এর আগে ৫ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তিনি সামাজিক মাধ্যমে নিজের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
হানিফ সংকেত দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের নানা প্রান্তের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বাস্তবতা তুলে ধরছেন তিনি।
তার উপস্থাপনায় সামাজিক অসংগতি নিয়ে রসাত্মক ও সচেতনমূলক উপস্থাপন দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি অভিনয়েও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত ‘কুসুম’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ১৯৮৮ সালে ‘আগমন’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তীতে ‘চাঁপা ডাঙ্গার বউ’ ও ‘ঢাকা-৮৬’ সিনেমাতেও তাকে দেখা গেছে।



