অল ক্রাইমস.টিভি ডেস্ক
সুনামগঞ্জের ছাতকে বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও শ্রমিক সংকট, ডিজেল ঘাটতি ও বৈরী আবহাওয়ার ঝুঁকিতে দুশ্চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলের কৃষকরা।
গত বুধবার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের রাধানগর এলাকায় ব্রি-ধান ১০০ জাতের ধান কাটার মাধ্যমে চলতি মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে ধানের ফলন ভালো হলেও সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ছাতকে এবার ১৪ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যার লক্ষ্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ৬৫ হাজার টন। ইতোমধ্যে অধিকাংশ হাওরে ধান পাকতে শুরু করেছে।
কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে শ্রমিক না পাওয়ায় স্থানীয় শ্রমিকদের মজুরি বেড়ে গেছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় অনেক কৃষক কম্বাইন্ড হারভেস্টারের দিকে ঝুঁকছেন। তবে এসব যন্ত্র চালাতে বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হওয়ায় জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে এবং ৮০ শতাংশ ধান পাকলেই দ্রুত কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও হাওরের বাঁধ ও ফসল রক্ষায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।



