অল ক্রাইমস. টিভি ডেস্ক
হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীদের সেবা নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব এবং তারা হজযাত্রীদের প্রকৃত অর্থে খাদেম হিসেবে কাজ করছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হজযাত্রাকে সামনে রেখে রাজধানীর আশকোনার হজক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করেছেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজক্যাম্পের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।



