অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
এছাড়া উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের মতে, শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। ইমিগ্রেশন, বোর্ডিংসহ সব কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় তারা স্বস্তির সঙ্গে যাত্রা শুরু করতে পেরেছেন।
এবার হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা কাজ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকেও ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।



