অল ক্রাইমস. টিভি ডেস্ক
নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১৪০০ লিটার ডিজেল এবং একটি ভাউচার গাড়ি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন— মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, সদর উপজেলার খলিফার হাট এলাকার মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত আব্দুল মালেক অয়েল স্টোরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখা হয়েছে।
এ তথ্যের সত্যতা যাচাই করতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



