অল ক্রাইমস.টিভি ডেস্ক
আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে নাকচ করেছে সরকার। ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠককে ঘিরে এ ধরনের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলেও, বাংলাদেশ সরকার তা ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেছে।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে একাধিক বৈঠক করে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে। একই দিনে দ্বিতীয় বৈঠকে অংশ নেন আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ও তার টিম।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই বৈঠকগুলোতে ঋণের কিস্তি স্থগিত বা সংস্কার ব্যর্থতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় আলোচনা হয়নি। বরং আলোচনাগুলোকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিপরীতে আইএমএফের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি এবং আলোচনায় কিস্তি স্থগিতের বিষয়টি ওঠেইনি। একইসঙ্গে দাবি করা হয়, বৈঠকের আগের দিনও আইএমএফের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাও সঠিক নয়।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংক ও আর্থিক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা হয়। উভয় পক্ষই অনেক বিষয়ে একমত হলেও কিছু ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন বলে মত দেয়। বিশেষ করে জনস্বার্থ সংশ্লিষ্ট নীতিগত বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
সরকার ও আইএমএফ উভয় পক্ষই ভবিষ্যতে আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলো সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।



