অল ক্রাইমস. টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইসহাক দার বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চল বিপুল সম্ভাবনাময় হলেও এর অর্থনৈতিক অগ্রগতি প্রত্যাশিত নয়। প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট দেশজ উৎপাদন মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা অত্যন্ত হতাশাজনক বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বিরোধের প্রভাব দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও বাণিজ্যের ওপর পড়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
দার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শক্তিশালী ও আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামোর অভাব রয়েছে। এ কারণে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তিনি উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থানের কারণে ট্রানজিট পণ্য পরিবহনের ক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ও উপযোগী দেশ হিসেবে বিবেচিত হতে পারে।
ইসহাক দার আরও বলেন, দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।
এ সময় তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান এবং এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।



