অল ক্রাইমস. টিভি ডেস্ক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান উন্মুক্ত করে দিলেও দেশটির ওপর নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক দুটি বার্তায় তিনি এ অবস্থান স্পষ্ট করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের লেনদেন বা চুক্তি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুতই শেষ হবে। তার মতে, আলোচনার মাধ্যমে চুক্তির অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। এই যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিরাপদে এ পথ ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত। সম্প্রতি লেবাননে ১০ দিনের এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
সমুদ্রপথ উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখনও বাকি রয়েছে। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



