অল ক্রাইমস. টিভি ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রির ঘটনায় একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন সমিতির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে সমিতি।
শুক্রবার (১৭ এপ্রিল) কলাপাড়া পৌর শহরের প্রগতি মেডিকেল হল নামের ফার্মেসিটি বন্ধ রাখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ফার্মেসির মালিক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার এক ভিক্ষুককে মানবিক কারণে কম দামে ওষুধ বিক্রি করেন তিনি। এরপর সমিতির নেতারা ক্ষিপ্ত হয়ে এক দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেন এবং জরিমানার হুমকি দেন।
তবে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, তারা কোনো দোকান বন্ধের নির্দেশ দেননি। তার দাবি, ফার্মেসিটি ভেজাল ওষুধ বিক্রির কারণে নিজেরাই বন্ধ রেখেছে।
স্থানীয় অন্যান্য ফার্মেসি মালিকরা অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে সিন্ডিকেট করে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং নিয়ম না মানলে জরিমানা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, কোনো সমিতিরই দোকান বন্ধ করার আইনগত ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



