অল ক্রাইমস. টিভি ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজ উদ্যোগে বিভিন্ন জেলায় ঘুরে গাছের চারা বিতরণ করছেন নওগাঁর রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান সরদার।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬০০টি গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় তিনি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সড়কের পাশেও গাছের চারা রোপণ করেন।
অধ্যক্ষ আরিফুর রহমান জানান, চলতি বছরে রংপুর বিভাগের আটটি জেলায় ঘুরে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন।
তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিফ হাসান জানায়, প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে, যা পেয়ে তারা খুব আনন্দিত। তারা বাড়িতে নিয়ে গাছ লাগিয়ে যত্ন নেবে বলেও জানায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা বেগম বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মতো ভালো উদ্যোগ আর হতে পারে না। এতে শিশুরা পরিবেশের প্রতি সচেতন হচ্ছে এবং আনন্দও পাচ্ছে।
অধ্যক্ষ আরিফুর রহমান সরদার বলেন, সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। নিজ অর্থায়নে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছেন। ছোটবেলা থেকেই গাছ লাগানো তার শখ এবং এ কাজ করতে তিনি আনন্দ পান।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজায়নের কোনো বিকল্প নেই। এ জন্য তিনি সবাইকে বছরে অন্তত চারটি করে গাছ লাগানোর আহ্বান জানান।



