অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে একাধিকবার কামানের গোলা ও বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে তাদের সেনারা এখনো অবস্থান করছে। তাদের দাবি, লেবাননের যোদ্ধারা সেনা অবস্থানের কাছাকাছি চলে আসায় “তাৎক্ষণিক হুমকি” বিবেচনায় এই হামলা চালানো হয়েছে।
ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই যোদ্ধারা “আসন্ন হুমকি” হয়ে দাঁড়িয়েছিল। তারা আরও দাবি করে, আত্মরক্ষা এবং তাৎক্ষণিক হুমকি মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।
এর আগে জানা যায়, দক্ষিণ লেবাননের বেইত লিফ, কান্তারা ও টুলিন এলাকায় কামানের গোলা আঘাত হানে। পাশাপাশি ওই অঞ্চলে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



