অল ক্রাইমস. টিভি ডেস্ক
অ্যামোনিয়ার তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।
এর আগে জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। ফলে অ্যামোনিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোর উৎপাদন বন্ধ হওয়ার পর থেকেই ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। শুরু থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে ডিএপি উৎপাদন চালানো হতো।
সংকট মোকাবিলায় কিছুদিন মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন এই কারখানায় দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালানো সম্ভব হলেও এখন তা শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।



