অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দল ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনালকে। এই জয়ে লিগ শিরোপার লড়াই আরও জমে উঠেছে।
ম্যাচের পার্থক্য গড়ে দেন আর্লিং হালান্ড। তার জয়সূচক গোলে ভর করে শিরোপার স্বপ্ন আরও জোরালো করেছে সিটি। অন্যদিকে এই হার আর্সেনালের শিরোপা লড়াইকে কঠিন করে তুলেছে।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই রায়ান চেরকির গোলে এগিয়ে যায় সিটি। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে সমতায় ফেরার সুযোগ পায় আর্সেনাল, যা কাজে লাগান কাই হাভার্টজ।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ৬৫ মিনিটে হালান্ডের গোলেই নিশ্চিত হয় দলের জয় এবং গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে বুধবার বার্নলিকে হারাতে পারলে শীর্ষস্থান দখল করতে পারবে সিটি—এমন সমীকরণেই এখন উত্তেজনা বাড়ছে লিগের শিরোপা লড়াইয়ে।



