অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে লোডশেডিং মোকাবিলা করতে বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংকট মোকাবিলা করতে সরকারকে আরো তৎপর হতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে। গরম মোকাবিলা করার জন্য, সারাদেশে যে তাপপ্রবাহ চলছে সেটা মোকাবিলা করার জন্য, বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে।
সংকট নেই বলে চলবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীদের তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না।
দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। নানা কারণে এটা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে।
এমপি-মন্ত্রীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারছে না, যার কারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। কিন্তু এটা কৃত্রিম সংকট।
এ ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুবই ন্যাচারাল। কিছু এমপি-মন্ত্রী পার্লামেন্টে বলেছেন এটাকে সংকট বলা যাবে না, যেটা সত্য সেটা বলুন।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক কারণেই তো জ্বালানি সংকট, এটা বিএনপির কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের ব্যর্থতার কারণে হতো, তাহলে একটা কথা ছিল। সংকটটা আন্তর্জাতিক কারণে হয়েছে।



