অল ক্রাইমস. টিভি ডেস্ক
ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা। শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা নজরে আসে পথচারীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটাহাঁটির সময় মাঠের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু খাতা দেখতে পান তারা। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও পরে কাছে গিয়ে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার উত্তরপত্র। খাতার ভেতরে পরীক্ষার্থীদের লেখা উত্তর থাকায় বিষয়টি মুহূর্তেই গুরুত্ব পায় এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খাতাগুলো কীভাবে সেখানে এল, কার দায়িত্বে ছিল এবং কীভাবে রাস্তায় পড়ে গেল—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি প্রকাশের পর সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন পথচারী বলেন, এটি অত্যন্ত গুরুতর ঘটনা। পরীক্ষার খাতা একজন শিক্ষার্থীর পুরো বছরের পরিশ্রমের ফল। সেগুলো যদি এভাবে রাস্তায় পড়ে থাকে, তাহলে শিক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল, মিম, আজাদ ও অনন্যা সরকার আরশি বলেন, দীর্ঘদিন পরিশ্রম করে আমরা পরীক্ষা দিই। আমাদের ভবিষ্যৎ ও স্বপ্ন অনেকটাই নির্ভর করে এসব খাতার ওপর। যদি খাতা হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে একটি বছর পিছিয়ে যেতে হতে পারে। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খাতাগুলো সেখানে এল এবং কারা দায়ী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



