বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার-ডেজিগনেট দীনেশ ত্রিবেদী আজ পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী মৃণাল । সীমান্তে তাঁদের অভ্যর্থনা জানান ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার পবন বঢ়ে।
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।
দীনেশ ত্রিবেদী ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দীনেশ ত্রিবেদী আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করবেন।
দুই দেশের সম্পর্ক বর্তমানে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদীর অন্যতম অগ্রাধিকার হবে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন চলমান ইস্যুতে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা।
দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দেশটির কেন্দ্রীয় সরকারে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সংসদের উভয় কক্ষের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর কূটনৈতিক নিয়োগকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



