সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া হাসিমাখা ছবি থেকে আলোচনায় আসা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সে।
গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে হাজারো শিশুর ভিড়ে তাহসিনের উচ্ছ্বসিত হাসির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দুই হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের আনন্দঘন মুহূর্ত মানুষের নজর কাড়ে।
তবে এই হাসির পেছনে রয়েছে এক বেদনাদায়ক গল্প। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোন তাসনিয়াকে হারায় তাহসিন। দুর্ঘটনার দিন ছোট ভাই তাহসিন বড় বোনের খোঁজে ছুটে যায় এবং তার জন্য স্যালাইন ও পানির বোতল নিয়ে অপেক্ষা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বোনকে আর ফিরে পায়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বোনকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়ে তাহসিন। এক হিলিং সেশনে সে লিখেছিল, তার প্রিয় বোনই ছিল তার সবচেয়ে ভালো বন্ধু এবং তাকে সে অনেক মিস করে।
তাহসিনের এই গল্প জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার খোঁজ নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও পছন্দের বিষয় সম্পর্কে জানতে চান। তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার করা যায়।
প্রধানমন্ত্রী তাহসিনের স্বপ্নের প্রশংসা করে তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে পরিশ্রম করার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে।
সাক্ষাৎ শেষে তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুব আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাকে পরিবারের একজনের মতো মনে হয়েছে বলেও জানায় সে।
এ সময় মাইলস্টোন স্কুলের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।



