কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। খেলার একপর্যায়ে ছোট বোন সাফা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, ঘাগড়া এলাকা থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



