জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
টাঙ্গাইল শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহছান হাবীব মাসুদ।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, হাসান আল মামুন, শাহীন মিঞা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিনসহ দলের স্থানীয় নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন।
সমাবেশে আহছান হাবীব মাসুদ বলেন, জনগণের রায় হিসেবে গণভোটকে অবজ্ঞা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নেতাকর্মীরা মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।



